ইরান যুদ্ধের ব্যয় সামলাতে ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব ট্রাম্পের
প্রকাশ : 2026-04-04 10:37:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চলমান ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় ২০২৭ অর্থবছরের জন্য বিশাল আকারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে হোয়াইট হাউজ। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের ইতিহাসে অন্যতম বড় উদ্যোগ হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে এই বাজেট অনুমোদনের আহ্বান জানাতে যাচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করে।
নথি অনুযায়ী, ২০২৬ সালের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থেকে ৪২ শতাংশ বাড়িয়ে ২০২৭ অর্থবছরে তা ১.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব পাস হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে সামরিক খাতে সর্বোচ্চ ব্যয়বৃদ্ধির নজির তৈরি হবে।
প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য অন্যান্য খাতে ব্যয় কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ অসামরিক খাতে প্রায় ১০ শতাংশ কাটছাঁট করে অতিরিক্ত প্রায় ৫০০ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়ার প্রস্তাব রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধ ইতোমধ্যে পঞ্চম সপ্তাহে গড়িয়েছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কংগ্রেসে একাধিক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে জানানো হয়েছে ইরান যুদ্ধ পরিচালনায় প্রতিদিন প্রায় ২ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।
তবে এই বিশাল বাজেট প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। রিপাবলিকান দলের শীর্ষ নেতারা সমর্থন জানালেও দলটির ভেতরেই কিছু আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এতে কেন্দ্রীয় বাজেট ঘাটতি আরও বেড়ে যেতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি, আর জাতীয় ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা এই প্রস্তাবকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়ে তুলছে।