চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

প্রকাশ : 2026-05-23 20:42:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির বিভিন্ন উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে শহরের নতুন শহর এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক)-এর দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষ থেকে মোঃ কালাম হোসেন (৫৪), মোঃ জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও মোঃ জাকির হাওলাদারকে (৫০) আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া এবং তা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অজ্ঞানপার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তাদের আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে।

ডিবি পুলিশ জানায়, চক্রটির সদস্যরা দেশের বিভিন্ন জেলার হাট-বাজার ও যাত্রীবাহী পরিবহনে সাধারণ যাত্রী সেজে টার্গেট নির্ধারণ করত। পরে কৌশলে সখ্যতা গড়ে তুলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক অপরাধ সংঘটনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর হাট ও দূরপাল্লার যাত্রীদের টার্গেট করেই তারা নতুন পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।