জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ : 2026-03-08 19:06:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
০৮ মার্চ ২০২৬, জামালপুর: “নারী সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য কাজ শুরু করতে হবে ঘর থেকেই” বলে মন্তব্য করেছেন জামালপুর-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেস আলী মামুন। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার। সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-এর আলোচনায় তিনি এই মত ব্যাক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি আরো বলেন, নারীদের ছাড়া কোন কিছুই সম্পূর্ণ না। নারীদের শিক্ষিত করতে পারলে নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে নারীর প্রতি অসমতা ও দুর্নীতিও প্রতিরোধ করা সম্ভব হবে।
নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে উপজীব্য করে উদযাপিত উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জামালপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: মঞ্জুর আলম। স্বাগত বক্তব্যে তিনি আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. স্বাগত সাহা, জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটি জামালপুর-এর জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বায়ক তামান্না সালেহীন কবিতাসহ প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে নারীদের ভূমিকা অপরিসীম হলেও নারীরা রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে বিভিন্নভাবে কোণঠাসা হয়ে পড়ে। নারীদের যথাযথ অধিকার প্রদান করলে নারীর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, নারীর কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠা, নারী-পুরুষের বৈষম্যরোধ এবং নারী শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত যা ধরে রাখার জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশে জেন্ডার সমতা এবং নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনতে হবে।
আলোচনা সভায় সনাক-এর জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বায়ক তামান্না সালেহীন কবিতা বলেন, জেন্ডার অসমতা ও দুর্নীতি পরস্পর সম্পর্কিত। জেন্ডার অসমতা সুশাসন, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনকে বাধাগ্রস্তকরে। দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন ব্যাহত হয়। জেন্ডার সমতা নিশ্চিত করা গেলে দুর্নীতির ব্যপকতা কমে আসবে। এ সময় তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টিআইবি এর সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেন। সুপারিশমালার মধ্যে উল্লেখযোগ্য হলো: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো মজবুত করা; নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের সংখ্যা ৫০ থেকে ১০০ তে উন্নিত করা; নারী অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন করা; জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে রাজনৈতিক দল ও রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেয়া; নারীদের জন্য বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিনিয়োগ ও বরাদ্দকৃত বাজেটের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করা; নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা, প্রমুখ।
দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ, এনজিওকর্মী, সাংবাদিক, সমাজকর্মী, বিভিন্ন নারীবাদী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।