জ্বালানি তেল না পেয়ে রাস্তা অবরোধ মোটরসাইকেল চালকদের

প্রকাশ : 2026-04-06 13:11:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জ্বালানি তেল না পেয়ে রাস্তা অবরোধ মোটরসাইকেল চালকদের

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল বিক্রির খবর শুনে ভিড় জমানোর পর তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ সৃষ্টি করা হয়। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে এলাকাটিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল পাওয়া যাচ্ছে—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। 

এই খবর দেখে ভোর থেকেই কয়েকশ মোটরসাইকেল চালক পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ করতে না পারায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে তারা পাম্পের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

সড়ক অবরোধের খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল পুনরায় সচল করা হয়েছে। তবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মাঝে অস্থিরতা নিরসনে সংশ্লিষ্টদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

কা/আ