তেতুলিয়ায় পুলিশের মাথা ফাটলের কুখ্যাত চোর

প্রকাশ : 2026-04-10 19:08:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুলিয়ায় পুলিশের মাথা ফাটলের কুখ্যাত চোর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক পুলিশ সদস্যের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়েছে এক আসামী।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তেতুলিয়া  উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এই ঘটনা ঘটে।

পলাতক আসামী পুলিশের তালিকাভুক্ত ‘কুখ্যাত গরু চোর’ রাসেল ইসলাম (৩৩)। তাকে গ্রেপ্তারের অভিযানে বাড়ি ঘেরাও করার সময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্য বনমালী রায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায় সে। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল রাসেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি ঘেরাও করে। আসামি ঘরের ভেতরে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য বনমালী দরজার সামনে গেলে রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি  চিকিৎসাধীন আছেন।

তেঁতুলিয়া  থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, আসামী রাসেল একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে তিনটি ভ্যান চুরিসহ একটি গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল, তবে বাড়িতে না থাকায় তা সম্ভব হয়নি। পরে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে সে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত আছে।