দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে লুটিয়ে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : 2026-04-29 18:52:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে লুটিয়ে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে  বিদ্যালয়ে  গিয়ে  হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও সাইকেলে করে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি ঘটার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই অনুপমার মৃত্যু হয়েছিল।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এনও)  সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।