ধলেশ্বরীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে
প্রকাশ : 2026-03-31 18:39:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিন বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়।নিখোঁজ কিশোরের নাম মো. রাকিব (১৫)। তার পিতার নাম শাহাদত মাতাব্বর, তিনি সৌদি প্রবাসী।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরটিকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।