নন্দীগ্রামে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত
প্রকাশ : 2026-03-14 19:55:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামে এক বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম এলাকায় ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের মৃত মনছুর আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক এবং বাকপ্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জাহিদুল ইসলাম তার ব্যবহৃত অটোভ্যান নিয়ে বৈলগ্রামে আইয়ুব আলীর বাড়ির সামনে উক্ত সড়কের উপর অবস্থান করছিলেন। সেসময় হাটকড়ই বাজারের দিক থেকে আসা চাল বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক ভ্যানটির পেছনে জোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু ঘটে। এ দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।