পঞ্চগড় আন্তর্জাতিক গুম দিবস পালিত
প্রকাশ : 2026-05-23 20:54:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আমার ছেলের অনেক খোঁজ করেছি, এলাকার মন্ত্রী-এমপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছি। সরকারের কাছে দাবি, গুমের শিকার আমার হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে এভাবেই ১৪ বছর আগে গুম হওয়া সন্তান ইমাম হাসান বাদলকে ফেরত পাওয়ার আকুতি জানান মা মিনারা বেগম।
২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইমাম হাসানকে। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে মানবাধিকার কর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন ও অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম। বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে দেশ। আর গুমের মতো অমানবিক ঘটনা যেন না ঘটে, সেই দাবি জানান।