পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারী আটক
প্রকাশ : 2026-02-26 19:06:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে কারিমুল ইসলাম (২৩) নামের একজন গরু চোরাবারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৯/৯-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়ায় অভিযান চালিয়ে গরু চোরাকারবারী কারিমুল ইসলামকে আটক করা হয়। সে একই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চোরাচালানের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বোদা থানায় মামলা করত থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে একই দিন বিকেলে সর্দারপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৮০/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের আদর্শগ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু উদ্ধার করেছে। যার সিজারমূল্য ধরা হয়েছে প্রায় এক লাখ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতরোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সর্বদা প্রস্তুত রয়েছে।