বরগুনার আমতলীতে গর্ভবতী গরু চুরি করে জবাই: আতঙ্কে গ্রামবাসী

প্রকাশ : 2026-04-12 11:54:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনার আমতলীতে গর্ভবতী গরু চুরি করে জবাই: আতঙ্কে গ্রামবাসী

বরগুনার আমতলী উপজেলায় গর্ভবতী একটি গরু চুরি করে জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরুর খামারীসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭ এপ্রিল দিবাগত রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী অসহায় আবুল হোসেন আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে তিনি তাঁর গর্ভবতী গরুটি গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। গভীর রাতে গরুটি গোয়ালঘরে না পেয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পরও গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে চরকগাছিয়া এলাকার মৃধার খালের পাড়ে গরুটির চামড়া, নাড়িভুঁড়ি এবং পেটের বাচ্চা বস্তাবন্দী অবস্থায় ভাসতে দেখা যায়।ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার আগে নাসির মাল ও জহিরুল মাল নামে দুই ব্যক্তিকে তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন। এলাকাবাসীর দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে জবাই করে মাংস বিক্রি করে আসছে।

স্থানীয়রা জানান, গত এক মাসে একই গ্রামের কুদ্দুস মৃধা, মজিবর পহলান ও ফারুক খানের গর্ভবতী গরুও একইভাবে চুরি হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খবির বলেন, “এটি একটি সংঘবদ্ধ ও প্রভাবশালী চক্র। তারা দীর্ঘদিন ধরে নিরীহ কৃষকদের গরু চুরি করে জবাই করছে। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে।এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।