বাগমারায় আসামি গ্রেপ্তারের দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
প্রকাশ : 2026-04-04 18:16:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামেতে জীবনের নিরাপত্তা ও আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত নিজ গ্রামসহ মাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রামে ডিস ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। হঠাত গত ২৮ মার্চ রাত ৮টার দিকে তার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে একই এলাকার বাপ্পি, কাওছার, কাফি, মিন্টু, রাকিবসহ আরও কয়েকজন যাত্রাগাছী গ্রামের মোসলেম মোল্লার আমবাগানে তার ছেলে নাজমুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় ডিস ব্যবসায়ী সোনা উদ্দীনের লাইনম্যান মোনায়েম হোসেন নাজমুল হোসেনকে উদ্ধারে এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা লাইনম্যান মোনায়েম হোসেনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে মারাত্মক জখম করে। এছাড়াও তারা নাজমুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে বাগমারা উপজেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করে। পরে সোনা উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা ডিস ব্যবসায়ীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রæত গ্রেপ্তার না করা হলে যে কোনো সময় তারা আবার বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে।