বিধানসভা নির্বাচনের ঘিরে দুদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু
প্রকাশ : 2026-05-07 18:25:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘিরে দুদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।জানা যায় বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার পর সীমিত পরিসরে বন্দরটির কার্যক্রম চালু হয়।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের ফুলবাড়ী এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ ও ৬ মে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একই কারণে ভূটান সরকারও তাদের সীমান্ত সিলগালা করে আমদানী-রপ্তানী ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
এর কারনে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশনে ভুটান, ভারত ও নেপালের কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। বৃহস্পতিবার ওই ট্রাকগুলোর ছাড়পত্র বিষয়ে বাংলাবান্ধা ও ফুলবাড়ী কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
তবে নতুন করে কোনো আমদানী-রপ্তানী টেন্ডার কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের আগমন ও বহির্গমন স্বাভাবিক রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানিকারক-রপ্তানিকারক সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে দুই দিন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আগের আটকে থাকা কিছু পণ্যবাহী ট্রাক ফুলবাড়ী শুল্ক স্টেশন থেকে ছাড়পত্র নিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করেছে। তবে ফুলবাড়ী শুল্ক স্টেশনের কমিটি গঠনসংক্রান্ত জটিলতার কারণে পুরোদমে কার্যক্রম চালু হতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে।
বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সীমিত আকারে বন্দরের কার্যক্রম চালু হয়েছে।