মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী?

প্রকাশ : 2026-06-11 15:08:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী?

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন।

প্রায় তিন দশক আগে কংগ্রেস ছেড়ে নিজ উদ্যোগে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছালেও বর্তমানে নেতৃত্ব সংকট, দলীয় ভাঙন এবং দুর্নীতির অভিযোগে চাপের মুখে রয়েছে তৃণমূল।

সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর দলের ভেতরে অসন্তোষ আরও বেড়েছে। একাধিক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে এবং আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে সমালোচনা করছেন বলে দাবি করা হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই চলতি মাসে দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে ১০ জনপথে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে তাঁর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই কংগ্রেসে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস—কোনো দলই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় দুর্বলতা এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার চাপের মধ্যে তৃণমূল কংগ্রেস এখন কঠিন সময় পার করছে। এরই মধ্যে বিরোধী শিবিরও পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন, যা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় শক্তিতে পরিণত হয়। প্রায় ২৮ বছর পর আবার সেই কংগ্রেসেই ফেরার সম্ভাবনা নিয়ে এই জল্পনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।