মুন্সীগঞ্জের গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাল চক্র

প্রকাশ : 2026-04-08 13:08:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাল চক্র

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয়দের ধাওয়া খেয়ে জবাই করা ১৩টি ঘোড়া ফেলে পালিয়েছে একটি মাংস ব্যবসায়ী চক্র।

বুধবার (৮ মার্চ) ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ঘোড়ার মাংস জব্দ করা হয়।

এ সময় জবাইয়ের জন্য আনা একটি জীবন্ত ঘোড়া উদ্ধার করেন স্থানীয়রা। 

স্থানীয়দের ধারণা, জবাইকৃত এসব ঘোড়া থেকে অন্তত ৩০ মণ মাংস পাওয়া যেত। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তোফাজ্জল মিয়াজী খবরের কাগজকে জানান, প্রায় ছয় মাস ধরে এই এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী ওঁত পেতে ছিলেন। বুধবার ভোরে তারা হাতেনাতে চক্রটিকে ধরে ফেলেন। তবে তিতাস ও রাজিব নামে দুই অভিযুক্তসহ চক্রের সদস্যরা স্থানীয়দের সামনে দিয়েই পালিয়ে যায়।

আরেক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, প্রতি সপ্তাহের রোববার ও বুধবার গভীর রাতে পরিত্যক্ত ঘরটির সামনে গাড়ি আসত। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায়, চক্রটি ঘোড়া জবাই করে সেই মাংস বস্তায় ভরে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি মাটিতে পুঁতে ফেলত।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী ঘোড়া জবাই করার কোনো সুযোগ নেই। ঘটনাস্থলে কাউকে আটক করা না যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জবাইকৃত ঘোড়াগুলো প্রাণিসম্পদ অধিদপ্তর ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে।

কা/আ