রংপুরের কাউনিয়ায় জর্জরিত ইউসিসিএ লিঃ দুর্নীতির জালে অডিটে অনিয়মের চিত্র
প্রকাশ : 2026-04-08 18:48:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিআরডিবির আওতাধীন রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ লিঃ)-এ ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক সমিতির সদস্যরা লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। লিখিত অভিযোগ পাঠানো হয়েছে সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,ঢাকা, যুগ্ম নিবন্ধক (রংপুর) এবং উপ-পরিচালক, বিআরডিবি (রংপুর) বরাবরে।
২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন, যা উপজেলা সমবায় কর্মকর্তা পীরগাছা শারমিন আক্তার প্রদান করেন, তাতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, পরিদর্শক এবং ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে।
অভিযোগকারীদের একজন হারুন অর রশিদ জানান, ১৯৮৩ সাল থেকে কৃষক সমবায় সমিতির সদস্যদের শেয়ার ও সঞ্চয়ের টাকা ইউসিসিএ লিঃ-এ জমা থাকলেও আইন অনুযায়ী কোনো লভ্যাংশ বিতরণ করা হয়নি। অডিট অনুযায়ী, ২৪ লাখ ৬ হাজার ৬৯৩ টাকা জমা থাকলেও তা সদস্য সমিতিগুলোর মধ্যে বণ্টন করা হয়নি। এছাড়া শেয়ার খাতে ৪ লাখ ৯ হাজার ৭১৪ টাকা এবং সঞ্চয় খাতে ৮৩ হাজার ২৪৭ টাকার গড়মিল পাওয়া গেছে। আবর্তক ঋণের লাভের অর্থেরও কোনো হিসাব মেলেনি। অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভ‚তভাবে কর্মচারীদের মধ্যে ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছারাও স্থিতিপত্র ও বিস্তারিত তালিকায় গরমিল ২০লাখ ৯৭ হাজার ১৪৫ টাক।
আর এক সদস্য হানিফ উদ্দিন জানান, অডিট রির্পোটে অনিয়ম গুলোর মধ্যে রয়েছে কোন সমিতি ভ্রমণ না করেও ১২ হাজার টাকার ভাতা গ্রহণ, ঝাড়ুদার নিয়োগ ছাড়াই ১২ হাজার টাকা প্রদান, একটি কক্ষের বিদ্যুৎ সরঞ্জাম ক্রয় ১২ হাজার টাকা দেখানো, স্টেশনারি খাতে ২৯ হাজার ২৮৫ টাকা ব্যয়, ফটোকপি বাবদ ১০ হাজার ৯১৫ টাকা প্রদর্শন, পোশাক না দিয়েও ১০ হাজার টাক। অভিযোগকারীরা আরও দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় পশ্চিম নিজপাড়া কেএসএস লিঃ, চারুভদ্র কেএসএস লিঃ ও বাজেমসকুর কেএসএস লিঃ-এর প্রতিনিধিদের ৪০তম বর্ধিত সভায় অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, সমবায় সমিতির কয়েকজন সভাপতি ও ম্যানেজার জানান, কাউনিয়ার ৫৯টি সমবায় সমিতির অধিকাংশের কোনো উপ-আইন নেই। সদস্যদের পরিচয় যাচাই করলে দেখা যায়, অনেকেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন এবং ছিলেন। ফলে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। প্রাথমিক সমিতির সদস্যরা ইউসিসিএ লিঃ-এর অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।