রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের জায়গায় সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন

প্রকাশ : 2026-04-06 17:41:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের জায়গায় সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন

রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামীলীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় অর্পিত সম্পত্তির সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড স্থাপন করা হয়। এই সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি)। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর। জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে সম্পত্তিটির বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সম্পত্তিটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। জমির শ্রেণি ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মোট পরিমাণ ০.৪৯৫৬ একর। এছাড়া ভিপি কেস নম্বর হিসেবে উল্লেখ রয়েছে ২/৭৬। জেলা প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়ার ফলে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামীলীগের পরিত্যক্ত ওই জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে প্রকাশ্যে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য,মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের পরিত্যক্ত জমিতে এরআগে টানানো হয়েছিল মালিকানার সাইনবোর্ড। সেই সময় অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টানানো হয়। এবং গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে।