লৌহজংয়ে সবুজায়নের ৪ বছর: এবার ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

প্রকাশ : 2026-07-11 22:24:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে সবুজায়নের ৪ বছর: এবার ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সবুজায়নে উদ্বুদ্ধ করতে এবা গ্রুপ, ডাচ ডেইরি এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ৭ জুলাই হলদিয়া ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি হাই স্কুলেরর শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। ৫ দিনব্যাপী এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ ১১ জুলাই হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে সফলভাবে এটি শেষ হয়। গাছের চারার সাথে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে টিফিন  বিতরণ করা হয়।

এই উদ্যোগের আওতায় বিদ্যালয় গুলোর প্রায় ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিগত চার বছর যাবৎ ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানগুলো। এই চার বছরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১২ হাজারেরও অধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের উন্নয়ন ও নতুন প্রজন্মকে সচেতন করার এই মহতী কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বক্তব্যে জিল্লুর রহমান রিপন মৃধা বলেন, "গাছ কেবল আমাদের ফল বা ছায়াই দেয় না, এটি আমাদের বেঁচে থাকার অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের খাবার এসব ফলজ বৃক্ষের ফল যোগান দেয়। জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ ঝুঁকি আমরা প্রত্যক্ষ করছি, তা থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চার বছর ধরে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং এ বছরও ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি একটি করে গাছ পরম যত্নে বড় করে তুলুক। আজ তোমাদের হাতে যে চারাটি তুলে দেওয়া হলো, তা যেন আগামী দিনে তোমাদের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশকে সতেজ ও সবুজ রাখতে ভূমিকা রাখে। আমাদের এই সবুজায়ন কর্মসূচি আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এই এম নাসির উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল গ্রাননগর বার্তা'র বার্তা সম্পাদক কাজী আরিফ, সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টু প্রমুখ।এছাড়া এবা গ্রুপ ও ডাচ ডেইরির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এই দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রশংসা করে জিল্লুর রহমান রিপন মৃধাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিটি বাড়িতে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।