সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর ডোবায় মিলল বৃদ্ধার বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ
প্রকাশ : 2026-06-10 14:28:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরিয়ম বেগম (৬৫) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে দুপুরে বন্দর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মরিয়ম বেগম। এরপর তিনি আর ঘরে ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গত ৬ জুন নিহতের মেয়ে মর্জিনা বেগম বাদী হয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার বিকেলে নিহতের বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার ভেতর থাকা একটি বস্তা নিয়ে কয়েকটি কুকুর টানাটানি শুরু করে। এ সময় চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা এগিয়ে গিয়ে বস্তার মুখ খুলে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ২৫ মে নিখোঁজ হওয়ার দিনই বৃদ্ধাকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে। এরপর মরদেহটি বস্তাবন্দি করে ডোবার পানিতে লুকিয়ে রাখা হয়। ঘটনার রহস্য উদঘাটনে নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা সম্ভব হবে।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।