সিংড়ায় থামছেই না ট্রান্সফরমার চুরি: দুই দিনে ৩টি উধাও, দিশেহারা কৃষক
প্রকাশ : 2026-04-26 16:22:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা এখন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি ইউনিয়ন থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বোরো ধান কাটার ঠিক আগমুহূর্তে সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ১৫০ বিঘা জমির কৃষকরা।
জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) ও রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার তাজপুর ও ইটালি ইউনিয়নে এই চুরির ঘটনাগুলো ঘটে। রবিবার সকালে ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া পূর্ব মাঠে গিয়ে কৃষক তোতা মিয়া ও জসমত আলী দেখেন, তাদের সেচ পাম্পের ট্রান্সফরমারের ভেতরের তামা ও মূল্যবান যন্ত্রাংশ নিয়ে খোলসটি মাটিতে ফেলে রাখা হয়েছে। তোতা মিয়ার ২৫ কেভি ও জসমত আলীর ৫ কেভি ক্ষমতার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই দুটি যন্ত্রের আওতায় অন্তত ৬টি পাম্পের মাধ্যমে প্রায় ৭০-৮০ বিঘা জমিতে সেচ দেওয়া হতো।
অন্যদিকে, শনিবার রাতে তাজপুর ইউনিয়নের রাখালগাছা বিল থেকে উত্তর দমদমা গ্রামের কৃষক স্বপনের একটি ৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই বিলের প্রায় ৩০-৪০ বিঘা জমিতে পানি সেচ বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, ধান পেকে গেছে, আর কয়েকদিন পর থেকেই কাটা শুরু হতো। এই শেষ সময়ে এসে চোর চক্রের হানা দেওয়াতে সেচ কার্যক্রম পুরোপুরি বন্ধ। তারা আক্ষেপ করে বলেন, আমরা এখন কী করব বুঝে উঠতে পারছি না। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন চুরিতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। এই সময়ে নতুন করে ট্রান্সফরমার সংগ্রহ করা এখন তাদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত চোর চক্রের কাউকেই আটক করতে পারেনি প্রশাসন। দীর্ঘ দিন ধরে এই উপদ্রব চললেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এলাকাবাসীর দাবি, শুধু অভিযোগের অপেক্ষায় না থেকে পুলিশি টহল জোরদার করতে হবে এবং এই সংঘবদ্ধ চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনাগুলো তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।