সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলে গ্রেফতার

প্রকাশ : 2026-05-04 17:13:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলে গ্রেফতার

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে, ২০২৬) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম বিষ্ণুপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে এবং এলাকায় পোনা মাছের ব্যবসার সাথে জড়িত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নিয়মিত মাদক সেবন করতেন এবং তা নিয়ে স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলের সাথে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত রোববার (৩ মে) রাতেও একই ভাবে প্রচণ্ড রাগারাগি হয়। ঝগড়ার একপর্যায়ে রফিকুল কথা বন্ধ করে পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংসারে অশান্তি সইতে না পেরে মা ও ছেলে মিলে কয়েকদিন ধরে রফিকুলকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী, গভীর রাতে রফিকুল ঘুমিয়ে পড়লে শিউলী বেগম ও রয়েল ধারালো দা দিয়ে তার গলা কেটে হত্যা নিশ্চিত করেন। সকালে তারা ঘটনাটি আড়াল করতে কান্নাকাটির নাটক সাজিয়ে ছিলেন।

সকালে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে সিংড়া থানা পুলিশ ও নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়। একই স্থান থেকে ঘাতকদের ব্যবহৃত রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ও মাদকের প্রভাবেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।