সিংড়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
প্রকাশ : 2026-05-04 15:46:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকেল ৫টায় উপজেলা সরকারি খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় এবং কোনো সিন্ডিকেটের কবলে না পড়ে, সে লক্ষ্যেই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মিঠুন কুন্ডু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হচ্ছে।