হজ ফ্লাইট উদ্বোধন, আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ : 2026-04-18 10:38:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হজ ফ্লাইট উদ্বোধন, আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি বছর সীমিত সময়ের মধ্যেও হজযাত্রীদের খরচ কমানোর চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। অথচ হজের সার্বিক প্রস্তুতি ফেব্রুয়ারির শুরুতেই প্রায় শেষ হয়ে যায়। ফলে আমাদের হাতে সময় কম ছিল। তারপরও আমরা চেষ্টা করেছি, যার ফলে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত খরচ কমাতে পেরেছি।

তিনি আরও বলেন, আগামী বছর যারা হজে যাবেন, তাদের জন্য ব্যয় আরও কমানোর চেষ্টা করা হবে। পাশাপাশি হজযাত্রীদের ভোগান্তি কমাতেও কাজ করা হচ্ছে।”

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, দেশের জন্য দোয়া করবেন যেন সবাই শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি, আপনারা সুস্থভাবে ফিরে আসবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৪১৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।