আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
প্রকাশ : 2026-04-02 17:36:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে মোবারকের মোড় নামক স্থানে সরকারি রাস্তার জায়গা জবর দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ওই গ্রামের মোবারক হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রবিবার (২৯ মার্চ) উপজেলার বেজার গ্রামের মোবারকের মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই গ্রামের সাজেদুর রহমান নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেজার গ্রামের পূর্ব সাইডে কথিত মোবারকের মোড় নামক স্থানে বেজার গ্রামের মৃত রবেশ আলীর ছেলে মোবারক হোসেন গাড়োহালী মৌজার ৬৬৭ নং খতিয়ানের ১৬২৬ নং দাগের উপর একটি হাসপাতাল নির্মাণ করে ভোগ দখল করে আসছে। উক্ত মোবারক হোসেনের ওই দাগে সম্পত্তি রয়েছে মাত্র পৌনে ছয় শতক। কিন্তু মজার ব্যাপার হলো মোবারক হোসেন আশপাশের সরকারি রাস্তার জায়গা জবর দখল করে প্রায় ১২ শতকের উপর হাসপাতাল নির্মাণ করে। এছাড়া ওই দাগের পাশ্বে জনৈক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির সম্পত্তি রয়েছে ওই সম্পত্তির সামনের রাস্তাও জবর দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে। এ সময় এলাকার সচেতন মহল বাধা দিলে তাদের নানা ধরনের হুমকি ধামকি প্রদান করেন মোবারক হোসেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলো তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সরজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।