বোদা উপজেলার সীমান্তে ৫টি ভারতীয় গরু উদ্ধার
প্রকাশ : 2026-04-07 18:56:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র পৃথক দুটি অভিযানে পৌনে পাচ লক্ষ টাকা মূল্যমান ৫ টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধিনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার ৫ টা ৩০ মিনিটে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো উদ্ধার করে বিজিবি।বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে গতকাল রাত পৌনে ৩টায় আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া নামক স্থানে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন অবস্থায় ৪টি (২টি বলদ ও ২টি ষাড়)গরু আটক করে। বিজিবি জানায়,আটক হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।
এর আগে একইদিন পৃথক আরেকটি অভিযানে (সোমবার)রাত সাড়ে ৯টায় জেলার বোদা থানাধীন অমরখানা এলাকার চোরাকারবারিদের পাচার করে আনা অপর ১ টি ভারতীয় অবৈধ গরু সর্দারপাড়া বিওপির নিয়মিত টহল দল হাবিলদার ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি এর মধ্যবর্তী স্থানে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭০হাজার টাকা ধরা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে মোট ৫ টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি অভিযান অব্যাহত থাকবে।