মাদারীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু : হাসপাতালে ভর্তি -১১

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১৬:৩৬ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৬, ১৮:১৮

মাদারীপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে ১১ জন শিশুকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।বুধবার (১ এপ্রিল) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ মার্চ প্রথমবারের মতো হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশু ভর্তি হয়। পরে সাত দিন একই উপসর্গ নিয়ে ভর্তি হয় ১৪ জন। এর মধ্যে গত সোমবার (৩০ মার্চ) রাতে তিন মাস ১৫ দিন বয়সী আদিবা নামে এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে ১১টি শিশু হাসপাতালের হোম আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নতুন করে দু’টি শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

নিহত ওই শিশু আদিবা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহত ওই শিশু ঢাকা থেকে হামে আক্রান্ত হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না পেয়ে ওই শিশুকে সোমবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সোমবার রাতেই ওই শিশুটি মারা যায়।

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট জহিরুল ইসলাম খান বলেন, ‘সারা বিশ্বেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখানে সবার আগে সচেতনতা জরুরি। আতঙ্কিত না হয়ে সর্তক থাকলেই এই রোগ থেকে নিরাময় সম্ভব। হামের উপসর্গ দেখা দিলেই তাকে আলাদাভাবে রাখতে হবে। মনে রাখতে হবে হাম খুবই ছোঁয়াচে। আমরা আমাদের সাধ্যমতো শিশুদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।’

এদিকে হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের পাশে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত শিশুদের পাশে তাদের মায়েরা বসে দুশ্চিন্তা করছেন। হাসপাতালের সেবা নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত