‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ’, খামেনির মৃত্যুতে যা বললেন আজহারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৪:৫৬ | আপডেট : ২ মার্চ ২০২৬, ০৪:৩১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও স্কলার ড. মিজানুর রহমান আজহারি। রোববার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।
ফেসবুক পোস্টে আজহারি লেখেন, "অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা।" পৃথিবীর বর্তমান টালমাটাল পরিস্থিতি ও মুসলিম উম্মাহর সংকটে শোকাতুর আজহারি আরও যোগ করেন, "হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।"
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির প্রাসাদে চালানো হামলায় তাঁর মৃত্যু হয়। এই হামলায় খামেনির পাশাপাশি তাঁর মেয়ে এবং নাতি-নাতনিরাও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং খামেনির জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খামেনির মৃত্যুর বিষয়টি প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করলেও পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এর সত্যতা নিশ্চিত করেন। ট্রাম্প খামেনিকে "ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি" হিসেবে অভিহিত করে একে বিশ্ববাসীর জন্য "কাঙ্ক্ষিত ন্যায়বিচার" বলে দাবি করেন।
ট্রাম্প তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, এটি ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ এবং ইরানের সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অনেক সদস্য বর্তমানে যুদ্ধ এড়িয়ে মার্কিন বাহিনীর কাছে নিরাপত্তা প্রার্থনা করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত