আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি সঠিক নয়: ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০২ | আপডেট : ১২ জুন ২০২৬, ২৩:৩৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি সঠিক নয়।
বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, “চুক্তির খসড়ার অধিকাংশ বিষয় নিয়ে সমঝোতা হয়েছে। তবে ওয়াশিংটন নতুন নতুন শর্ত ও অতিরিক্ত দাবি যুক্ত করায় এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় পাকিস্তানের পাশাপাশি কাতারও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের এই মুখপাত্র। তার অভিযোগ, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের কারণে অঞ্চলটি আগের তুলনায় কম নিরাপদ হয়ে উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এ কারণে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত কঠোর সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “চুক্তির মূল বিষয় এবং এর বিস্তারিত শর্তাবলি অনুমোদিত হয়েছে।”
পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “সপ্তাহান্তে ইউরোপের কোনো একটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।”
অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন বলে দাবি করেন।
ট্রাম্প আরও বলেন, “চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে।”
তবে তার এই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আলোচনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত