নারী এশিয়ান কাপ গ্রুপ পর্ব

আজ মুখোমুখি বাংলাদেশ-উজবেকিস্তান

  স্পোর্টস ডেস্ক  

প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১৩:০৫ |  আপডেট  : ১০ মার্চ ২০২৬, ০২:৫৭

ফাইল ছবি

বাংলাদেশ কি পারবে উজবেকিস্তানকে হারাতে? পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে কি রচিত হবে নতুন কোনো ইতিহাস? অসীম কৌতূহল নিয়েই আজ ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারদের দিকে তাকিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। পিটার বাটলার শিষ্যরা পশ্চিম অস্ট্রেলিয়ার শহরটিতে আজ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে। উজবেক মেয়েদের সঙ্গে যে লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

বাংলাদেশের মেয়েরা এই ম্যাচটি জিততে পারলে ‘বি’ গ্রুপে তৃতীয় হবে। ১২ দলের এশিয়ান কাপে তিনটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশ সেই পথ তৈরি করতে পারে কিনা, সেটি জানতেই এখন অপেক্ষায় সবাই।

যদিও গতকাল ‘এ’ গ্রুপে ইরানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশের জন্য সমীকরণ কঠিন করে দিয়েছে ফিলিপাইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করে এই গ্রুপে থেকে গ্রুপসেরা হয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়া গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে। পয়েন্টের খাতা খুলতে না পারা ইরান বিদায় নিয়েছে। গ্রুপে তৃতীয় স্থানে থাকা ফিলিপাইনের পয়েন্ট ৩। অন্যদের তুলনায় দলটির গোল ব্যবধান ভালো (-২)।

‘সি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে থাকতেই শেষ আট নিশ্চিত করেছে জাপান। দুই ম্যাচের দুটিতে জিতে দলটির পয়েন্ট ৬। চাইনিজ তাইপে ও ভিয়েতনাম দুই ম্যাচে ৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। ফলে এই গ্রুপ থেকে এই দুটি দলই শেষ আটে ওঠার লড়াইয়ে আছে। দুটি দলেরই গোল ব্যবধান ভালো। সেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও উজবেকিস্তানের কেউই পয়েন্টের খাতা খুলতে পারেনি। প্রথম দুই ম্যাচেই হারা বাংলাদেশ ৭ গোল হজম করেছে। অন্যদিকে উজবেকিস্তান হজম করেছে ৬ গোল। ফলে এমনও হতে পারে, ‘বি’ গ্রুপ থেকে হয়তো গ্রুপসেরা ও গ্রুপ রানার্সআপ দলই কেবল পরের ধাপের ছাড়পত্র পাবে।

তবে ফুটবলে কত কিছুই তো ঘটতে পারে। ভারতের জালে ১১ গোল দেওয়া জাপান যদি আগামীকাল ভিয়েতনামের বিপক্ষেও একই কাণ্ড করে, তাহলেই তো এই সমীকরণ বদলে যাবে! অর্থাৎ অতকিছু না ভেবে বাংলাদেশকে আজ একটি কাজই করতে হবে। সেটি হলো- উজবেকিস্তানকে হারানো।

অবশ্য কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়। উজবেকিস্তান র্যাঙ্কিংয়ে ৪৯তম দল। বাংলাদেশ আছে ১১২তম স্থানে। এর আগে দলটির বিপক্ষে একবার মুখোমুখি হয়ে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। তবে গত বছরের এশিয়ান কাপ বাছাই থেকেই অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ দল। যেখানে র্যাঙ্কিংয়ে তখনকার ৫৫তম স্থানে থাকা মায়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাটলার শিষ্যরা। মায়ানমার ও উজবেকিস্তানের মধ্যে ব্যবধান আসলে খুব বেশি নয়। এবারের প্রতিযোগিতায় তারা উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে নিজেদের মিশন শুরু করেছিল। চীনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তারা হারে একই ব্যবধানে। আর বাংলাদেশ চীনের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে নিজেদের মিশন শুরু করে। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে হারে ৫-০ গোলে।

সমর্থকরা যখন বড় স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে, তখন বাংলাদেশ দল ঠিক কি ভাবছে? খেলোয়াড়দের আসল ভাবনা যাই হোক, গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ বা অধিনায়কের কেউই বড় কোনো স্বপ্ন দেখাননি। প্রশ্ন করলে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘এটি গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ। এ ম্যাচে আমরা সবাই চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। আমাদের এখানে হারানোর কিছু নেই। আমরা এশিয়ান কাপে প্রথমবার কোয়ালিফাই করেছি, দেশকে রিপ্রেজেন্ট করেছি, এটাই আমাদের কাছে অনেক গর্বের বিষয়।’ 

পিটার বাটলারও অন্যান্য দিনের মতো বলেন, ‘আপনারা জানেন আমরা এখানে প্রথমবারের মতো খেলছি। তাই আমাদের হারানোর কিছু নেই। উজবেকিস্তানের বিপক্ষে ভালো খেলে শেষ করতে চাই আমরা এবং এখান থেকে ভালো কিছু নিয়ে ফিরতে চাই।’

আর উজবেকিস্তান কোচ কোটরিনা কুলবিতে চ্যালেঞ্জিং ম্যাচের আভাস পাচ্ছেন, ‘আমি মনে করি সাধারণভাবে বাংলাদেশ একটি তরুণ দল এবং তাদের অনেক সম্ভাবনা রয়েছে। তাদের বেশ কিছু ভালোমানের খেলোয়াড় রয়েছে। তবে আমরা নিজেদের ওপর মনোনিবেশ করছি। মাঠে আমাদের সেরাটা দিতে হবে এবং সম্ভাব্য সেরা পারফরম্যান্স করতে হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত