আদমদীঘিতে ট্রাক চাপায় এনজিও ম্যানেজার নিহত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:১৪ | আপডেট : ১১ মে ২০২৬, ১৭:০৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক চাপায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ মে) দুপুর সোয়া একটার দিকে উপজেলার সান্তাহার শহর সংলগ্ন বড়আখিড়া রেলওয়ে লেভেল ক্রসিংগেট এলাকায়। নিহত আলমগীর কবির ছিলেন ব্যুরো বাংলাদেশ এর সান্তাহার শাখার ম্যানেজার। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুর সোয়া একটার দিকে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড়আখিড়া রেলওয়ে লেভেল ক্রসিংগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক ওই রেলওয়ে লেভেল ক্রনিংগেট অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে আসতে থাকে। এসময় ওই ট্রাকের পিছনে থাকা মোটরসাইকেল চালক আলমগীর কবির ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ এবং চালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে ঘটনাস্থলে থাকা আদমদীঘি থানার উপ পরিদর্শক আরাফাত হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত