‘আমি সত্যিই পরোয়া করি না, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্প

  স্পোর্টস ডেস্ক  

প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১৩:৫২ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ০৩:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি

ফিফা বিশ্বকাপে কি ইরান অংশ নেবে? সার্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি এবারের বিশ্বকাপে অংশ নেয়, তাতে তার কিছু যায় আসে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ঘনিষ্ঠ দেশগুলোর ওপর ইরানের পাল্টা আঘাতে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি সত্যিই পরোয়া করি না। ইরান খুব বাজেভাবে বিপর্যস্ত একটি দেশ। তারা এখন কেবল নামমাত্রভাবে টিকে আছে।’

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। তাদের সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করার কথা। এরপর সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মিশর।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালালেও তখন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দেয়নি ইরান। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ দেশটির টেলিভিশনে বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি আমাদের প্রত্যাশার অনেক দূরে।’ 

এদিকে, ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফটসরম শনিবার বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য।’

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত