ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৫:১৬ |  আপডেট  : ২ মার্চ ২০২৬, ০৪:৫২

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির সর্বশেষ আপডেট তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানের সাম্প্রতিক ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা কী পরিস্থিতিতে আছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত অবহিত হন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ফ্লাইট বাতিলের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকেপড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, সে বিষয়েও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীও এ কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।

এদিন সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত