ঈদুল আযহা উপলক্ষ্যে নন্দীগ্রামে ১৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৫:২২ | আপডেট : ২১ মে ২০২৬, ২২:০৩
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে গরীব-অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি সহায়তা ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়ন, ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়ন, ৩ নম্বর ভাটরা ইউনিয়ন, ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়ন, ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়ন ও নন্দীগ্রাম পৌরসভায় মোট ১৫ হাজার ২০১টি পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বুধবার (২০ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এ চাল বিতরণ শুরু হয়। বেলা ১১টায় ১ নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। এ সময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষ্যে গরীব-অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেনো কোনো পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, তদারকি কর্মকর্তা রবিউল ইসলাম, ১ নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু ও ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপূর্বে সকাল সাড়ে ১০টায় ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা মোত্তালেব হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাফিজার রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, হাসেম আলী, জাহাঙ্গীর আলম বাবু ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও নন্দীগ্রাম, ভাটরা, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও নন্দীগ্রাম পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত