উন্নত জীবন গড়ার আশায় মাদারীপুরের যুবক ৪৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ : পরিবারে আহাজারি

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:৪০ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৪০

উন্নত জীবন গড়ার আশায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার যুবক আলভী(১৯) মানব পাচার প্রতারকের ফাঁদে পড়ে দালালের খপ্পরে ইতালীর উদ্দেশ্যে রওনা দিয়ে ২০ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। কয়েক দফায় ৪৩ লাখ টাকা দেওয়ার পরও সন্ধান মিলছেনা আলভীর। শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে টাকা দেওয়ার পরও ছেলের সন্ধান না পাওয়ায় বাবা এমদাদ খান ও মা আমেনা বেগমের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

মাত্র ১৯ বছর যুবক আলভী খান। মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সরোয়ার হাওলাদারের ছেলে রাতুল হাওলাদারের প্রলোভনে পড়ে ইতালী যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। পিতা-মাতার নিষেধ সত্ত্বেও পড়ালেখা বাদ দিয়ে বায়না ধরে ইতালী যাবে। আলভীর চাপে বাধ্য হয়ে পরিবার দালাল রাতুলের মাধ্যমে ২১ লাখ টাকায় সৌদিআরব হয়ে ইতালী নেওয়ার শর্তে রাজি হয় তারা। ২০২৫ সালের ১৯ অক্টোবর বাড়ি থেকে সৌদিআরব হয়ে ইতালী যাওয়ার জন্য রওনা হয় আলভী। কিন্তু দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও ইতালী যেতে পারেনি আলভী। লিবিয়া নিয়ে আলভীকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালাল রাতুল। লিবিয়া থেকে আলভীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তিন দফায় ৪৩ লাখ টাকা আদায় করে দালাল চক্র। কিন্তু সর্বশেষ আবারও নির্যাতনের ভিডিও পাঠিয়ে ১২ লাখ টাকা দাবি করে তারা।

আলীর পিতা এ।দাদ খান জানান,ছেলের জন্য শেষ সম্বল ভিটেবাড়ি আগেই বিক্রি করে ৪৩ লাখ টাকা প্রদান করা হয় দালালদের। দালালদের চাহিদা মতো আরো ১২ লাখ টাকা দিতে না পারায় গত ৪ এপ্রিল থেকে কোন যোগাযোগ নেই আলভীর সাথে।আলভীর কোন সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা আমেনা বেগম। আলভীর ছোট ভাই বাবু ও বোন সামিয়া প্রতারক দালাল রাতুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা নিখোঁজ আলভীর সন্ধান চান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মো:জাহাঙ্গীর আলম বলেন, আমরা অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালী না যাওয়ার পরামর্শ দেই। তবে এই অভিযোগের বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হবে।

তিন ভাই-বোনের মধ্যে বড় আলভী। সন্তান নিখোঁজ ও শেষ সম্বল শেষ হওয়ায় দিশেহারা পরিবারটি। নিখোঁজ আলভীর সন্ধান ও প্রতারক দালালের সর্বোচ্চ শাস্তি প্রদানে সহায়তা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি স্বজন ও প্রতিবেশীর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত