এনআরসি জরিপ: ৭৭ শতাংশ বিএনপি ও জামায়াত ১৬ শতাংশ সমর্থন ভোট পেতে পারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩ |  আপডেট  : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮

ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীকরণ নিয়ে নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ (এনআরসি)-এর এক সাম্প্রতিক জরিপে।

জরিপে দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী, বিএনপি মোট ভোটের ৭৭ শতাংশ এবং সংসদের ২২০টি আসন পেতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দলভিত্তিক সম্ভাব্য অবস্থানগুলো হলো:

বিএনপি: ৭৭ শতাংশ সমর্থন (২২০টি আসন)

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৬ শতাংশ সমর্থন (৫৭টি আসন)

জাতীয় পার্টি: ২ শতাংশ সমর্থন (৫টি আসন)

এনসিপি: ৩ শতাংশ সমর্থন (২টি আসন)

স্বতন্ত্র ও অন্যান্য: ৩ শতাংশ সমর্থন (১৬টি আসন)

সংগঠনটি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র এবং ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষকের সমন্বয়ে এই জরিপ পরিচালিত হয়েছে। ৩০০ জন উত্তরদাতার ওপর ৪টি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে মাঠপর্যায়ের এই তথ্য সংগ্রহ করা হয়।

জরিপে গণভোট ও সংস্কার নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সংস্কার প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। ৩০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২১ শতাংশ ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, ৯৯ শতাংশ উত্তরদাতাই তাদের নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রহিম তুহিন। এ সময় ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত