কাউনিয়ায় হলদীবাড়ী গ্রামে দুর্ধরষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:৩৫ |  আপডেট  : ১৪ মে ২০২৬, ১৮:৪৯

রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী এলাকায় এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধরষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শাহিনুর বেগম কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিডিডিআরবি প্রকল্পের আওতায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কর্মরত রয়েছেন। তিনি এ ঘটনায় কাউনিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) সকালে শাহিনুর বেগম কর্মস্থলে যান। পরে দুপুরের দিকে বাড়িতে ফিরে তিনি শয়নকক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখতে পান, দুর্বৃত্তরা আলমারির ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ২ হাজার টাকা, প্রায় ৩ আনা ওজনের একটি সোনার দুল, একটি সেলাই মেশিন ও একটি ইন্ডাকশন ওভেন চুরি করে নিয়ে গেছে।

এছাড়া আলমারিতে থাকা কাপড়চোপড় ও অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিহাব উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত