কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার

  এসআর শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ৭ মে ২০২৬, ১৬:৪৯ |  আপডেট  : ৭ মে ২০২৬, ১৮:০৪

মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৬ মে) রাজধানীর ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিল ফয়সাল তালুকদার। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া, একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনাতেও স্থানীয়দের সন্দেহের তীর তার দিকে রয়েছে।

ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবরে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত