কালাইয়ে নারীকে হত্যা, স্বামী পলাতক
জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:৩১ | আপডেট : ২ মার্চ ২০২৬, ০৪:১৯
নিহত মোছা. খালেদার বড় বোন আলেয়া বেগম কালাই থানা চত্বরে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন
জয়পুরহাটের কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে নিহতের নিজ বাড়িতে এ ঘটেছে
নিহত মোছাম্মদ খালেদা (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুরের (৫৫) দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মভেজ আলীর ছেলে আব্দুল বাকি ওরফে সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে খালেদার বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বাকি ঘর জামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে থাকেন। সেখানে তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্ত্রী মোবাইল ফোনে কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলছে এমন সন্দেহে মারধর করে স্ত্রীর সোনার গহনা কেড়ে নেন। ওই দিন সন্ধ্যায় স্থানীয়ভাবে স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা হয়। পরে গভীর রাত আনুমানিক ৩টার দিকে স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না ও বৈদ্যুতিক ক্যাবল দিয়ে পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সন্দেহের জেরে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত