টিকিট কেটে সাধারণ রোগীর মতো হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য চিকিৎসকদের হুঁশিয়ারি
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১৮:৪৪ | আপডেট : ৯ আগস্ট ২০২৬, ২২:০০
টিকিট কেটে সাধারণ রোগীর মতো ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে আসেন সংসদ সদস্য জাহান্দার আলী। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যেক চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন, তাঁরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না, তার খোঁজখবর নেন সংসদ সদস্য জাহান্দার আলী।
এ সময় কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের উদ্দেশে জাহান্দার আলী বলেন, সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা প্রদান করতে হবে। রোগীরা যদি সেবাবঞ্চিত হন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এই সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ হাসপাতাল পরিদর্শন করা হয়। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে যেন বঞ্চিত না হন, এ জন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান। দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রম সমন্ধে অবগত হন জাহান্দার আলী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত