টেকনাফে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির কার্যালয়
টেকনাফ প্রতিনিধিঃ
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৫:৪৬ | আপডেট : ৫ এপ্রিল ২০২৬, ২২:১৮
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৫ এপ্রিল) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।
তাদের দাবি, এক জামায়াত নেতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদককারবারী ও পতিত স্বৈরাচারের দোসররা এ ঘটনায় জড়িত। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আগে থেকেই এলাকার কিছু অপরাধী হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমরা ধারণা করছি, তারাই এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। ইতিমধ্যে কিছু নাম এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য এলাকায় পুলিশের বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত