ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩ |  আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫১ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ডেনিলোভিচ গতকাল বুধবার তাঁর ভেরিফায়েড এক্স পোস্টে জানান, গত মঙ্গলবার উইলিয়াম বি মাইলাম মারা যান।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র–বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।

বাংলাদেশে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে উইলিয়াম বি মাইলামের অবদান স্মৃতি হয়ে থাকবে বলে পোস্টে উল্লেখ করা হয়।

পোস্টে বলা হয়, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে গেছেন।

এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাঁর (মিলাম) সেই আন্তরিক প্রচেষ্টার সাক্ষী। তাঁর পরিবার, প্রিয়জন এবং তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে—এমন সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মতামতধর্মী ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’–এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ ছাড়া তিনি ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত