তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ-জারদারি-মোদি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫ |  আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরইমধ্যে, বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান পা‌কিস্তানের রাষ্ট্রপতি ও প্রেসিডেন্ট।

আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই।পাকিস্তান গণতান্ত্ৰিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে, যাতে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন নেতৃত্বের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আরও গভীর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

বাংলাদেশের আসন্ন সরকারকে মোদি আশ্বস্ত করেছেন, ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত