ত্রাণ প্রতিমন্ত্রীর পিও সুজন বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৪:২০ | আপডেট : ৪ আগস্ট ২০২৬, ১৩:০৭
ফুডপান্ডার রাইডারকে মারধর করা সেই সাইদুর রহমান সুজনকে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তার (পিও) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলে আবু ওবায়দা নামের এক ব্যক্তি নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন। ৩১ মার্চ তাকে আনুষ্ঠানিক বরখাস্ত করা হয়।
জানা গেছে, বরখাস্তের বিষয়টি গোপন রেখে সুজন ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতেন। সুজন নিজেকে বরাবরের মতোই ত্রাণ প্রতিমন্ত্রীর পিও হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, সাইদুর রহমান সুজনের উদ্ধত আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ৩১ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয় এবং নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়।
তবে ৩১ মার্চের আগেই তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে যাচাই-বাছাই করে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। যে কারণে দীর্ঘদিন ধরেই সুজনকে প্রতিমন্ত্রীর আশেপাশে দেখা যাচ্ছিল না।
সম্প্রতি ফুডপান্ডার এক কর্মীকে প্রকাশ্যে লাঞ্ছনা ও মারধর করে আলোচনায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে বরখাস্ত হওয়া এই সাইদুর রহমান সুজন।
বিষয়টি ত্রাণ প্রতিমন্ত্রীর নজরে আসার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন ও তার বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, ত্রাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পদটি তার ইচ্ছা অনুযায়ী নিয়োগ এবং সন্তুষ্টি সাপেক্ষে তাদের চাকরি নির্ধারিত হয়। তবে এটি কোনো স্থায়ী পদ নয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত