দেশজুড়ে তীব্র গরম, এ মাসেই একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ | আপডেট : ৪ এপ্রিল ২০২৬, ১৬:২৮
এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দেশের অন্তত ২৭ জেলায় হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এ মাসে আরও এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে। তবে ২০২৪ সালে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল, এবার তা না-ও হতে পারে।
শনিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানা গেছে। গতকাল রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে আগের দিনের চেয়ে। তবে আজ শরীয়তপুরসহ দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানীর কাছাকাছি কয়েকটি এলাকাতেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সর্বত্র এবং ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলার সঙ্গে ৯ জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। ঢাকা ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রাজধানীতেও বয়ে গেছে তাপপ্রবাহ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তাতে তাপপ্রবাহ কমে যেতে পারে সাময়িকভাবে।
একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। এপ্রিল মাসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এ মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে।
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের মতে, এবারের এপ্রিল মাসে তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকলেও গরমের তীব্র অনুভূতি বজায় থাকবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা বিভাগ), ঢাকা, সিলেট ও বরিশালের কিছু এলাকায় তাপপ্রবাহ বেশি হতে পারে।
এপ্রিল মাসে গড়ে ৯টি বজ্রঝড় হয়। এ মাসের পূর্বাভাসে বলা হয়েছে, ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। এছাড়া সাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা থেকে একটি নিম্নচাপ বা সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী জুন মাস পর্যন্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তিন থেকে চারটি তীব্র তাপপ্রবাহ ছয় থেকে আটটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা উঠে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত