ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর 'সমন্বিত ড্রাইভ' দেওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৯:২৫ | আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৪১
সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই সামাজিক ব্যাধি নির্মূলে সরকারের সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে একযোগে ‘সমন্বিত ড্রাইভ’ বা জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী নির্যাতনের মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুততম সময়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো কোনোভাবেই ঝুলে থাকা চলবে না। বিচার প্রক্রিয়ায় গতি আনতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে পুলিশ, প্রশাসন এবং বিচার বিভাগসহ প্রতিটি সংশ্লিষ্ট সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে। কোনো মামলার তদন্ত বা বিচার প্রক্রিয়ায় যাতে কোনো গাফিলতি না হয়, সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখতে বলা হয়েছে। অপরাধীদের মধ্যে ভীতি তৈরি করতে এবং ভুক্তভোগীদের আস্থা ফেরাতে এই ‘সমন্বিত অ্যাকশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে চলতি অর্থবছরের মূল বাজেটে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, সেই ‘সম্পূরক বাজেট’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি এখন জাতীয় সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।সরকারের এই কঠোর অবস্থানের ফলে নারী নিরাপত্তা ও বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত