নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত ওবায়দুল ও রাজিয়ার পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রদল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২৭ | আপডেট : ১৬ মে ২০২৬, ১২:৩৮
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণা আর সীমাহীন কষ্ট নিয়ে মানবেতর জীবন কাটছে তাঁর। ওবায়দুল ইসলামের অসুস্থতার খবর অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে শুক্রবার (১৫ মে) উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে চলে যান প্রত্যন্ত গ্রাম দারিয়াপুরে। ছাত্রদলের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে পৌঁছিলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ঘরে খাবার নেই, চিকিৎসার টাকা নেই এবং ভবিষ্যতেরও কোনো নিশ্চয়তা নেই এমন অসহায় অবস্থার মধ্যেই হঠাৎ একদল তরুণকে পাশে পেয়ে যেনো নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন ওবায়দুল ইসলাম। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ওবায়দুল ইসলাম। এদিকে একই এলাকার আরেক ক্যান্সার আক্রান্ত রাজিয়া বেগমের পাশেও দাঁড়ান উপজেলা ছাত্রদল। তাকেও খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, খবরের পাতায় যখন আমাদের মতো তরুণ ওবায়দুলের অসহায়ত্ব ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা দেখি, তখন সত্যিই নিজেকে স্থির রাখতে পারিনি। মায়ের চিকিৎসা শেষে ইন্ডিয়া থেকে ফিরেই বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ভাইয়ের নির্দেশে প্রথমেই ওবায়দুল ও পরে রাজিয়ার বাড়িতে ছুটে যাই। তাঁদের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, ছাত্রদল ছাত্রনেতা আফিফ, নীরব, সোহান, মাসুদ, সেলিম, রুবেল ও সাইদুল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত