নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ২১:৪৫ |  আপডেট  : ৮ আগস্ট ২০২৬, ১৭:৪২

বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির মধ্যে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে পিছনের ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়। 

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ফোকপাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার ইনজিমামুল (৩০) ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাসিন্দা ও গুরুতর আহত চালক শামীম হোসেন (৩৮) একই উপজেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুষলধারে বৃষ্টির সময় মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের তেমন ক্ষতি না হলেও পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিছনের ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভিতরে আটকা পরে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে গুরুতর আহত হেলপার ও চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর হেলপার ইনজিমামুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত চালক শামীম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বুধবার (২৭ মে) সকালে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছে এবং চালক আহত হয়। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত