নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে এক মহিলার আত্মহত্যা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৮ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে কোহিনুর বিবি (৫৫) নামে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম মধ্যপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত কোহিনুর বিবি ওই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো এবং প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে আমজাদ হোসেন বাড়িতে ফিরে ঘরের ভিতরে তীরের সাথে রশিতে তাঁর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে কোহিনুর বিবির মৃত্যু হয়। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গলায় দড়ি দিয়ে এক মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত