নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তার হাতে নারী কর্মী লাঞ্চিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৯:১৪ |  আপডেট  : ১০ মার্চ ২০২৬, ০১:২৭

আন্তর্জাতিক নারী দিবস—নারীর অধিকার, সমতা আর নিরাপত্তা নিশ্চিত করার এক বিশেষ অঙ্গীকারের দিন। পঞ্চগড়েও যখন দিনটি উদযাপনের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই এক ন্যক্কারজনক ঘটনার জন্ম হলো পঞ্চগড়ে।এই দিন মহিলা বিষয়ক অধিদপ্তর’ এর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এক নারী ট্রেইনারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত জনগণের সামনে এই ঘটনাটি ঘটেছে।ভুক্তভোগী ওই নারী ট্রেইনারের নাম লুনা বেগম। তিনি জানান, নারী দিবস উপলক্ষে সকালে কয়েকশ নারীকে নিয়ে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচ্ছিলেন। অনুষ্ঠানে পৌঁছাতে সামান্য দেরী হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওপর থেকে নেমে আসেন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানে। এরপর তিনি  সবার সামনেই  অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে লুনা বেগমের মাথার পেছনে ধরে সজোরে ধাক্কা দেন।

এ ঘটনায় লুনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, এই কার্যালয়ে এমন লাঞ্ছনার ঘটনা নিয়মিতই ঘটে, কিন্তু চাকুরির ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তিনি এই প্রকাশ্য অপমানের সুষ্ঠু বিচার দাবী জানিয়েছেন। নানা সূত্রে জানা গেছে  এই কর্মকর্তার অভদ্র আচরণের অভিযোগ কেবল লুনার মাঝেই সীমাবদ্ধ নয়। 

অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ডিডি স্যার অফিসের প্রত্যেকের সাথেই অত্যন্ত খারাপ আচরণ করেন। এমনকি অফিসের আয়া সালমা বেগম আরও ভয়ানক অভিযোগ তুলে বলেন, মাত্র কয়েকদিন আগেই এই কর্মকর্তা তাকে লাথি মেরেছেন। নিজের দপ্তরের নারী কর্মীদের প্রতি এমন সহিংস ও অবমাননাকর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা একজন কর্মকর্তার ভূমিকা এখন প্রশ্নের সম্মুখীন ।

এদিকে অভিযুক্ত কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান, যিনি মূলত বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত এবং জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন।

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, ভুক্তভোগী নারী তার কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত