প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদে রাজশাহীতে রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৯ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৬, ২০:৪৪

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদল  কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর গণকপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের করা কটূক্তি দেশের রাজনৈতিক সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। তারা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিকে নয়, বরং রাষ্ট্রের মর্যাদাকেও ক্ষুণ্ন করে। বক্তারা বলেন, আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেন। রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ,মহানগর কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত